সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকতে থাকতে মাথাটা কেমন ভারী হয়ে গিয়েছিল। হঠাৎ মনে হলো হাত দিয়ে কিছু একটা বানাই, মাথা থেকে সরে যাক একটু। ফ্রিজে পড়ে থাকা চকোলেট গলিয়ে ছোট একটা ডেজার্ট বানিয়ে ফেললাম। কোনো রেসিপি দেখিনি, যা মনে হলো তাই করলাম। গলানোর সময় ঘরটা মিষ্টি গন্ধে ভরে গিয়েছিল, সেই গন্ধটাই আসলে বেশি ভালোলাগলো। পরীক্ষার পড়া মাথায় ঘুরছে কিন্তু হাত অন্য কাজ করছে, এই সময়টুকু বেশ শান্ত লাগে।

রান্নাঘরের বেশিরভাগ জিনিসই পুরনো, কারো ব্যবহার করা জিনিস কিনে এনেছি, তাও এই বাটিটাতেই সবচেয়ে ভালো মিশছে সব। থালায় সাজিয়ে রাখতেই মনে হলো, আজকের দিনটা এই একটা কাজেই একটু ‘নিজের মতো’ কাটলো। বাকি সময়টা যেমনই কাটুক, এই কয়েক মিনিট নিজের হাতে বানানো কিছু ছিল।
