সন্ধ্যা হলেই মনে হয় আজ লিখব, ভেবেই ল্যাপটপটা বন্ধ করে ডায়েরিটা টেনে নিলাম।
আজও তাই হলো। সারাদিন বাড়ি থেকে কাজ করে চেয়ারেই বসে ছিলাম, একবার উঠার সময়ও পাইনি ঠিকমতো। বসে বসেই যেন দিনটা কেটে গেল।
গত কয়েক সপ্তাহ ধরে ভাবছিলাম, মনটা এমনিতেই আজকাল বেশি ‘এলোমেলো’ লাগে, তাই কিছু লিখে রাখলে হয়তো একটু হালকা লাগবে। প্রথম দিন তো ভালোই লিখেছিলাম, তারপর থেকে রোজ ডায়েরি খুলে বসে থাকি শুধু, কলমটা হাতে নিয়েও কী লিখব বুঝে উঠি না। মনে মনে ভাবি, “আজ তো লিখবই”, তারপরও পাতাটা ‘ফাঁকা’ থেকে যায়।
ডায়েরিটাও নতুন কেনা না। সেকেন্ড হ্যান্ড বাজার থেকে আনা একটা পুরনো খাতা, প্রথম কয়েক পাতা অন্য কারো লেখায় ভরা ছিল, বাকি ফাঁকা পাতাগুলো দেখে নিয়ে নিয়েছিলাম। ঘরের বাকি জিনিসপত্রও প্রায় সবই এভাবেই জোগাড় করা, টেবিল-চেয়ার সবকিছু। এখন নতুন করে কিছু কেনার মতো মনেরঅবস্থাও নেই, পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি, সেই চিন্তাটাও মাথার মধ্যে ঘুরঘুর করছে।
কাজ, পরীক্ষা, তার উপর সারাদিন এক জায়গায় বসে থাকা, সব মিলিয়েই বোধহয় মনটা এমন হয়ে থাকে। লিখলে অন্তত গুছিয়ে ভাবতে পারব ভেবেছিলাম, কিন্তু পাতা তো ফাঁকাই থেকে যাচ্ছে রোজ।
আপনাদের মধ্যে কেউ কি রোজ লেখেন এভাবে? লিখতে ইচ্ছে না করলেও জোর করে বসেন, নাকি ইচ্ছে হলে তখনই লেখেন, কীভাবে টানা রাখেন সেটা একটু জানতে ইচ্ছে করছে।
